ঢাকার কণ্ঠ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটে মিলল বিপুল সম্পদ

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে দুই দিনব্যাপী অভিযান শেষে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রীর তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২০ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।তিনি বলেন, দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার ও সোমবার ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে ইনভেন্টরি কার্যক্রম সম্পন্ন করে।দুদকের প্রাথমিক হিসাব অনুযায়ী, গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত দুটি ফ্ল্যাট থেকে ২৬৯ ধরনের পণ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। সংখ্যার হিসেবে এসব সামগ্রীর পরিমাণ দেড় হাজারেরও বেশি। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং বি-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ৪০০টি সামগ্রী উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্স ব্র্যান্ডের চারটিসহ আটটি ঘড়ির বক্স, প্রায় ১০০টি কামিজ, মুক্তার গয়না, ঝাড়বাতি, বেড, সোফা, এসি, সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, স্যুটকেস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র।দুদক জানায়, উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয়রসিদও পাওয়া গেছে। প্রাথমিক তথ্যে প্রতিটি ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার হতে পারে।ক্ষমতার পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমীলা জামান এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রিসিভার হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ইনভেন্টরি কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান।এর আগে আদালতের আদেশে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্যমতে, এসব সম্পদ ও বিনিয়োগের আনুমানিক মূল্য ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটে মিলল বিপুল সম্পদ