ইংল্যান্ডের এম৬ মোটরওয়েতে প্রায় ১৫০ মাইল গাড়ি চালানোর পর পুলিশের হাতে ধরা পড়েছেন অ্যান্থনি হল নামের এক ব্যক্তি। তিনি ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী, তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ি চালানোর সময় তিনি আইন নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় অ্যালকোহল গ্রহণ করেছিলেন। ঘটনাটি ঘটে গত ২৯ জুন রাতে। সম্প্রতি আদালতে তাঁকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে সাজাটি ১৮ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।বিবিসি ও আইটিভির প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী হল হাডার্সফিল্ড থেকে স্কটল্যান্ডের দিকে যাওয়ার উদ্দেশ্যে তাঁর সঙ্গীর গাড়ি নিয়ে বের হন। গাড়িটি ছিল ভক্সহল মেরিভা মডেলের। মালিকের অনুমতি ছাড়াই গাড়িটি নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।পুলিশ জানায়, গভীর রাতে এম৬ মোটরওয়ের কার্লাইলের কাছে গাড়িটিকে কখনো এক লেনে, কখনো অন্য লেনে যেতে এবং সড়কের পাশের অংশে উঠে যেতে দেখা যায়। পরে পুলিশ গাড়িটি থামায়। জিজ্ঞাসাবাদে হল জানান, প্রায় দুই বছর আগে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবে তিনি কিছুটা আলো দেখতে পেতেন বলে দাবি করেন।আদালতে বলা হয়, যাত্রাপথে হল একটি ভারী পণ্যবাহী ট্রাকের পেছনের আলো অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন। এভাবে তিনি প্রায় ১৫০ মাইল পথ পাড়ি দেন। পথিমধ্যে একটি পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার জন্যও থেমেছিলেন তিনি; সেখানে এক কর্মী তাঁকে জ্বালানি নিতে সহায়তা করেন।আদালতের তথ্য অনুযায়ী, গাড়ি চালানোর আগে হল ও তাঁর সঙ্গী মিলে চার বোতল ওয়াইন পান করেছিলেন। পুলিশি পরীক্ষায় তাঁর শ্বাসে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার ওপরে পাওয়া যায়। পরে তিনি বিপজ্জনকভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালানো এবং অনুমতি ছাড়া গাড়ি নেওয়ার অভিযোগ স্বীকার করেন।হলের আইনজীবী আদালতে জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে সংকটের মধ্যে ছিলেন। বাড়ির পরিস্থিতি থেকে দূরে যাওয়ার তাগিদে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালত জানায়, এ ঘটনায় কেউ আহত হননি।সাজা হিসেবে হলকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ১৮ মাসের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি তাঁকে ৯০ দিন অ্যালকোহল থেকে বিরত থাকতে, পুনর্বাসনমূলক কার্যক্রমে অংশ নিতে এবং ১২ মাস গাড়ি চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে আদালতের খরচ বাবদ ২৭২ পাউন্ডও দিতে হবে।