ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (র.) এর মাজারে আগতদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মাদক সেবনের অভিযোগে লাঠিসোটা দিয়ে তাদের মারধর করে মাজার থেকে বের করে দিয়েছেন।বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে মাজারের ভেতরে মাঠের পাশে এই ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাজারে ওরস চলছিল। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে লোকজন সমাবেত হয়েছেন। রাত ১টার দিকে স্থানীয় জামায়াতের ৭০-৮০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মাজারে প্রবেশ করে। তখন মাদক সেবনের অভিযোগে তারা বেশ কয়েকজনকে মারধর করে মাজার থেকে বের করে দেন।এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, মাজারে থাকা মুরিদ ও জিয়ারতকারীদের লাঠি দিয়ে মারধর করছেন কয়েকজন।ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে রওজার পাশে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। ভিডিওতে তাদের হাতে লাঠি ছিল দেখা গেছে। তবে মারধরের বিষয়টি নিশ্চিত নয়।জামায়াত নেতাকর্মীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা স্থানীয়। এর মধ্যে দুই একজন জামায়াতের লোক থাকতে পারে।