ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. সিরাজ-উদ দৌলাহ ও এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে পৃথক দুটি টিম অভিযানে অংশ নেয়।পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. সাজিদ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার বাসিন্দা।এদিকে, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শরীয়তপুর জেলার পালং থানার আটিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলাগুলো ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।