ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লীর আবুল হোসেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন পোশাকপল্লীর এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে আবুল হোসেন মার্কেটে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তার হোসেন জানায়, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা জোরদার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে।