ঢাকার কণ্ঠ

শিল্পীদের নীরবতা নিয়ে প্রশ্ন মাহিয়া মাহির

সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিক্ষার্থীদের আন্দোলন ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে শিল্পীদের প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লেখেন, “আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না? কিসের এত ভয় আপনাদের?”শিল্পীদের উদ্দেশে তিনি আরও লেখেন, “মনে রাখবেন, রিজিকের মালিক ওই উপরওয়ালা। আপনার একটা প্রতিবাদে আপনার রিজিক কমবে না।”স্ট্যাটাসের শেষাংশে শিক্ষার্থী ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাহি লেখেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বানভাসি মানুষের পাশে দাঁড়ান।”মাহিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও জানিয়েছেন।পোস্টের মন্তব্য ঘরে একজন লিখেছেন, শিল্পী সমিতির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়ে। তবে এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এর আগে একই দিনে দেওয়া আরেকটি পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মাহি লেখেন, “যারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তোমাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল, আজ তারাই তোমাদের গলা চেপে ধরছে।”উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া ও ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন একদল শিক্ষার্থী। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

শিল্পীদের নীরবতা নিয়ে প্রশ্ন মাহিয়া মাহির