দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামী বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। প্রায় পাঁচ মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তার পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান মির্জা আব্বাস। দেশে ফেরার পর তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফের সক্রিয় হওয়ার বিষয়টিও দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।