বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আগ্রহের কথা জানান।অভিনন্দনবার্তায় পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হবে। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।বার্তায় বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের আগ্রহের কথা জানানো হয়।পেজেশকিয়ান বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালনে ক্রমবর্ধমান সাফল্য অর্জন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকেও অভিনন্দন জানানো হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এরই মধ্যে তাকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা জানিয়েছেন।