বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ খেলার অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে চোটের কারণে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। ফিটনেস পরীক্ষা হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহাম ফিনিক্স।বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ইনজুরির কারণে মুস্তাফিজ এবারের আসরে খেলতে পারবেন না। তার পরিবর্তে শিগগিরই নতুন একজন ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মুস্তাফিজ। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।প্রথমদিকে বার্মিংহাম ফিনিক্স আশা প্রকাশ করেছিল, নির্ধারিত সময়ের মধ্যেই মুস্তাফিজ দলে যোগ দেবেন। পরে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজির মেডিকেল বিভাগের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশেই তার ফিটনেস পরীক্ষা শেষে ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে সেই পরীক্ষার আগেই তার এবারের দ্য হানড্রেডে না খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যায়।উল্লেখ্য, বর্তমানে মুস্তাফিজুর রহমান শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। সামনে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও সেখানে তার খেলার সম্ভাবনা ছিল না। ফলে জাতীয় দলের সূচিতে তাৎক্ষণিক কোনো প্রভাব না পড়লেও, দ্য হানড্রেডে বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া হলো এই বাঁহাতি পেসারের।