রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে গলির মুখে পড়ে থাকা ব্যাগটি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর ১০টি ককটেল পাওয়া যায়। বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়। পরে রাত ১০টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ককটেলগুলোর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো ব্যক্তির নাম জানায়নি।