প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন ছবি ‘মাইসা’-র একটি গানের নাচের মহড়ায় গুরুতর আহত হয়েছেন। হিপ এরিয়ায় (কোমর ও নিতম্বের সংযোগস্থল) চোট পাওয়ায় তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।হায়দরাবাদে ছবিটির শুটিং চলাকালে একটি লাফ দেওয়ার দৃশ্যে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে চিকিৎসকদের পরীক্ষায় তার হিপ অঞ্চলের পেশিতন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি একাধিক বড় বাজেটের সিনেমার অ্যাকশন দৃশ্য ও নাচের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী। টানা শারীরিক পরিশ্রমের কারণে আঘাতের মাত্রা আরও গুরুতর হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।চিকিৎসকদের মতে, এ ধরনের গভীর টেন্ডন ইনজুরি সাধারণত অ্যাথলেট বা অতিরিক্ত শারীরিক কসরত করা ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। দ্রুত সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরতে রাশমিকাকে পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।বর্তমানে রাশমিকা একসঙ্গে চারটি বড় চলচ্চিত্রের শুটিং এবং প্রায় ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ‘মাইসা’ ছবির জন্য কেরালায় কোনো বডি ডাবল ছাড়াই নিজেই কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন।এই আকস্মিক দুর্ঘটনার কারণে তার চলমান চলচ্চিত্রের শুটিং সূচি এবং বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।