কক্সবাজার শহরের কলাতলী এলাকায় শালিক রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই রেস্টুরেন্টের স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিমপাড়া এলাকায়। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে স্টাফ কোয়ার্টারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুমনের রুমমেট শামসুল আলম জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি কক্ষে গিয়ে সুমনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে অন্য সহকর্মীদের ডাকেন। পরে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সহকর্মীরা জানান, ঘটনার আগের দিন সন্ধ্যা পর্যন্ত সুমন স্বাভাবিকভাবে কর্মস্থলে দায়িত্ব পালন করেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় তারা বিস্মিত ও শোকাহত।খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিয়েও তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে স্থানীয়দের একটি অংশ দাবি করেছেন, সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ও বিতর্ক রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সুমনের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন।