আসন্ন জিনজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ হোসেন লাকি। তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করা একটি পোস্ট সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।পোস্টটিতে একজন নারীর উদ্দেশে করা মন্তব্যে বেশ কিছু কঠোর ও বিতর্কিত শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে “জন্ম কুন্ডলী আমার হাতে” ধরনের বাক্য ব্যবহারের কারণে অনেকেই এটিকে প্রকাশ্য হুমকি এবং পেশিশক্তির প্রদর্শন হিসেবে দেখছেন।সমালোচকদের দাবি, একজন জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে এমন ভাষা ও আচরণ মোটেও কাম্য নয়। তারা বলছেন, একজন চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য হওয়া উচিত সংযত, দায়িত্বশীল এবং জনগণের মধ্যে আস্থা তৈরির মতো। কিন্তু উক্ত পোস্টে ব্যবহৃত ভাষা অনেকের মধ্যেই ভীতি ও অসন্তোষ তৈরি করেছে।এছাড়া পোস্টটিতে একজন নারীর ব্যক্তিগত জীবন ও পেশা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অনেকেই এটিকে ব্যক্তিগত আক্রমণ ও সামাজিক মাধ্যমে ‘সাইবার বুলিং’-এর উদাহরণ হিসেবে দেখছেন।উক্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সেই নারী কমেন্টে জানান, ''assalamualaikum। আমি কেরানীগঞ্জ কালিন্দীর এক জন সদস্য। আমি ভিডিও করি শুধু মাত্র সময় কাটানোর জন্য এবং মজার ছলে ।তারপরেও যেহুতু অনেকের সমস্যা হচ্ছে আমার কথায় ,আমি কেরানীগঞ্জ নাম নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি এবং চেষ্টা করছি সব কথা গুছিয়ে আনার। চেষ্টা করছি কেরানীগঞ্জের সুন্দর জায়গা গুলো তুলে ধরার ।এখন আসি আমার কথায় আমি সব সময় যেভাবে কথা বলি সেভাবেই ভিডিও তে বলি সেটাও যেহেতু সমস্যা আমি চেষ্টা করছি শুদ্ধ বাংলায় ভয়েস দেওয়ার ।কিন্তু এর পরেও আমাকে নিয়ে এভাবে কেনো পোস্ট করা হচ্ছে? কেনো আমাকে ভয় দেখানো হচ্ছে? যেখানে আমি শুধরে নিচ্ছি সেখানে আবারো এভাবে বলার মানে কি।''উক্ত পোস্টের কমেন্টে শাহনেওয়াজ হোসেন লাকি লিখেছেন, ''ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্যে।আমি জালেমের প্রতি দয়া দেখাই না। এটাই আমার নীতি।''সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, একজন আধুনিক ও দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাষা হওয়া উচিত আরও শালীন ও অন্তর্ভুক্তিমূলক।স্থানীয়দের একটি অংশের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাদের আচরণ ও বক্তব্য জনগণের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তাই নেতৃত্বের দাবি নিয়ে সামনে আসা ব্যক্তিদের বক্তব্যে সংযম ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন।তবে এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ হোসেন লাকি-এর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।