অতিবৃষ্টি ও রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১২ জুলাই) ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃষ্টির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে ভোগান্তি তৈরি হওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে আজ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাও ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।রাজধানীর আইডিয়াল কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজকের শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইভাবে অতিমাত্রায় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নির্ধারিত হাফ ইয়ারলি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবক শেখ আবদুল্লাহ জানান, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের নির্ধারিত হাফ ইয়ারলি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।এদিকে রাজধানীর কাকরাইলের লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ক্লাসও বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অভিভাবক আবুল কাসেম জানান, সকালে ক্লাস হওয়ার কথা থাকলেও পরে অভিভাবকদের মোবাইলে একটি বার্তা পাঠিয়ে বৃষ্টির কারণে ক্লাস স্থগিতের বিষয়টি জানানো হয়।কেরাণিগঞ্জের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের অভিভাবক জলি আক্তারও জানান 'রাস্তাঘাট ডুবে গেছে। স্কুল থেকে জানিয়েছে আজকের ক্লাস স্থগিত'।এছাড়া রাজধানীর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় অনেক প্রতিষ্ঠান অনলাইন নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।এর আগে সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। পান্থপথ, গ্রিন রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় সড়ক চলাচল ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়।