ঢাকার কণ্ঠ

শিশুকে যৌন নির্যাতন: টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার অভিযুক্ত শিক্ষকের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা খারিজ করে দেন।এর আগে, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরে পরিবারের সদস্যদের কাছে সে বিষয়টি জানায়।অভিযোগ জানার পর শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং শিক্ষককে মারধর করেন বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটির বাবা এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।অন্যদিকে, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষও থানায় পৃথক অভিযোগ দিয়েছে। মামলাটির তদন্ত চলছে।

শিশুকে যৌন নির্যাতন: টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর