প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশিয়া সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর বলেন, তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন এবং কাউকে ক্ষতি করার উদ্দেশ্য তাঁর ছিল না। পরে নিজের ভুল হয়েছে বলেও আদালতে জানান তিনি।আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ডিবি পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায়। শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক ইয়াছিন পাইক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে করা ওই মন্তব্যকে সাধারণ মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। মন্তব্যের পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে তিনি যুক্তি দেন।আদালতে বিচারক আবু বকর সিদ্দিকের কাছে মন্তব্যটির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এমনিতে কমেন্ট করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না। মজা করে কমেন্ট করেছি।’ পরে তিনি ভুল স্বীকার করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।ঘটনার সূত্রপাত ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজের পোস্টকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশিয়া সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে পোস্টটিতে প্রশ্ন তোলা হয়েছিল, কেন তাঁকে রুয়েটের বাসে চলাচল করতে হয়েছে। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিকের অ্যাকাউন্ট থেকে বিতর্কিত মন্তব্যটি করা হয়। পরে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তৈরি হয়।এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মানিক হোসেন রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।