সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, তার রাজনীতির মূল লক্ষ্য হবে গণমানুষের কল্যাণ নিশ্চিত করা। একই সঙ্গে তাকে মূল্যায়ন করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন নিপুণ রায়। এ সময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।নিপুণ রায় বলেন, “সংরক্ষিত নারী আসনে আমাকে মূল্যায়ন করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই বিশ্বাসের প্রতিদান দিতে চাই। আগামী দিনে আমার রাজনীতি হবে মানুষের কল্যাণে কাজ করা।”তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা তার পাশে ছিলেন—বিশেষ করে ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতিও তিনি কৃতজ্ঞ।এ সময় তিনি দেশের পররাষ্ট্রনীতি নিয়েও মন্তব্য করেন। নিপুণ রায় বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে এবং জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।উল্লেখ্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সম্প্রতি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এ উপলক্ষে ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি, আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা, তমিজ উদ্দিন এবং তাঁতী দলের হিরা হোসেনসহ আরও অনেকে।