টানা বৃষ্টির পর সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে কাঁচা সবজির দাম। তবে এর বিপরীতে চাল, চিনি, আটা ও দুধসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় স্বস্তি মিলছে না ক্রেতাদের।আজ শুক্রবার সকালে কারওয়ান বাজার, হাতিরপুল ও রায়সাহেব বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারে পটল ৫০, শসা ৫০, করলা ৭০, বরবটি ৭০, ধুন্দল ৬০, ঝিঙে ৭০ ও চিচিঙ্গা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম ৪০০ টাকা থেকে কমে ১২০ টাকা এবং বেগুন ১৫০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকায় নেমেছে। শিমের দামও ২০০ থেকে কমে ১৬০ টাকা হয়েছে।অন্যদিকে, এক সপ্তাহে চিনির দাম ১১০ থেকে বেড়ে ১৩০ টাকা কেজি হয়েছে। আটা মাসের শুরুতে ৫৫ টাকা থাকলেও এখন ৬৫ টাকা। তরল দুধও লিটারপ্রতি ১০০ থেকে বেড়ে ১১০ টাকা হয়েছে। খোলা পোলাও চাল বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা এবং প্যাকেটজাত চাল ২২০-২৩০ টাকায়।এদিকে, ক্রেতাদের অভিযোগ, সবজির দাম কমলেও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ায় সংসার চালতে হিমশিম খাচ্ছেন। তবে ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে দাম সমন্বয় করতে হচ্ছে।