ঢাকার কণ্ঠ

চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, গঠন লিয়াজোঁ কমিটি

কওমিপন্থি সাত ইসলামি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের উদ্যোগ এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে নতুন করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবরের মধ্যে কমিটির বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলগুলোর পক্ষ থেকে দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে তৈরি করা খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হয়। তবে ঐক্যের ধরন, রাজনৈতিক কর্মকৌশল ও সাংগঠনিক কাঠামোসহ কয়েকটি বিষয়ে মতের পার্থক্য থাকায় সেদিনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এরপর ঐক্যের আলোচনা এগিয়ে নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি করা হয়। এতে হেফাজতের আরও দুই শীর্ষ নেতা এবং সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি থাকার কথা রয়েছে। সাত দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এর আগে ১৬ জুলাই বাবুনগর মাদ্রাসায় সাত দলের নেতাদের বৈঠকের মাধ্যমে এই ঐক্যপ্রক্রিয়া শুরু হয়। ওই বৈঠকে নীতিগতভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যের কথা জানানো হয়েছিল। পরে দলগুলোর প্রস্তাব পর্যালোচনা ও সমন্বয়ের জন্য সাত সদস্যের একটি উপকমিটি কাজ করে। পরবর্তী সময়ে দলগুলোর অবস্থান নিয়ে কিছু পার্থক্য সামনে আসে। বিশেষ করে অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা যাবে কি না এবং রাজনৈতিক বা নির্বাচনসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে দলগুলোর নিজস্ব অবস্থান কতটা বজায় থাকবে এসব বিষয় আলোচনায় রয়েছে। লিয়াজোঁ কমিটির বৈঠকের পর ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, গঠন লিয়াজোঁ কমিটি