ঢাকার কণ্ঠ

৭ নভেম্বর থেকে প্রতি বছর সাধারণ ছুটি

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে এবং দিনটিতে সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিকে একই বৈঠকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর অতিরিক্ত একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের নতুন ছুটি এবং পরের দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি হবে। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পূজার সময়ের ছুটির ধারাবাহিকতা বজায় রেখে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে। 

৭ নভেম্বর থেকে প্রতি বছর সাধারণ ছুটি