ঢাকার কণ্ঠ

সাবেক মন্ত্রী মোশাররফের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান' আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।শুক্রবার (১৫ মে) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নগরীর প্রধান সড়কে নেমে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল এবং তারা নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে বিষয়টি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যান।পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করেছে বলে জানানো হয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নম্বর-২৭, তারিখ ১৫ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক মন্ত্রী মোশাররফের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান' আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার