ঢাকার কণ্ঠ

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প। অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় সেনা সদস্যরা। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।অভিযানে আটক তিন ব্যক্তি হলেন মো: সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তাদের সবার বাড়ি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায়। অভিযানে তাদের কাছ থেকে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫,৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ উদ্ধার করা হয়।সেনা সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অভিযানের পর আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তারা সর্বদা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক