ঢাকার কণ্ঠ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।শুনানি শেষে ডনের আইনজীবী বলেন, সিনেমায় চরিত্রের প্রয়োজনে ডনকে খলনায়কের ভূমিকায় দেখা গেলেও বাস্তবে তিনি এমন নন। তার দাবি, সালমান শাহ হত্যা মামলায় ডনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা সালমান শাহের মৃত্যুর সুরতহাল, ময়নাতদন্ত, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন উল্লেখ করে দাবি করেন, এসব নথি বিশ্লেষণে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখা যায়। এ কারণে ডনকে জামিন দেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। পরে রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা হয়। গত বছরের ২০ অক্টোবর রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় ডনও আসামি।

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর