সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক থেকে পদত্যাগ করেছেন। খবর জানিয়েছেন রয়টার্স।বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বলে রাতে রয়টার্সের এ প্রতিবেদনে বলা হয়। ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতির তদন্তের মুখে তিনি পদত্যাগপত্র জমা দেন৷ পদত্যাগপত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার পদত্যাগের ঘোষণা দেন সায়মা ওয়াজেদ, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে গত ২০ আগস্ট স্বাধীন তদন্ত চেয়েছিলেন পুতুল।সূত্রের বরাতে রয়টার্স বলছে, ডব্লিউএইচও আগামী মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।এ বিষয়ে মন্তব্য জানতে পুতুল ও ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।রয়টার্সের প্রতিবেদন বলছেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ওপর এর যে প্রভাব পড়েছে, সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগের ঘটনাকে এরই সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ মিত্র এখন দুর্নীতির মামলার আসামি, অথবা তার মতোই স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় তার মেয়ে পুতুল ২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য ওই দায়িত্ব নেন।এর আগে, তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিরও আদেশ দিয়েছিলেন ঢাকার একটি আদালত।