ঢাকার কণ্ঠ

সৌদির বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা হুথিদের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এবার লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে সৌদি বন্দরের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে তারা।হুথিদের দাবি, ইয়েমেনের ওপর এক দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের আরোপিত অবরোধ এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জবাব হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ লক্ষ্যে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) একটি নির্দেশনা পাঠিয়েছে। ২০ জুলাই পাঠানো ওই বার্তায় বলা হয়, সৌদি আরবের কোনো বন্দরে বা সেখান থেকে কোনো জাহাজ পণ্য ওঠানো-নামানো করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সেগুলো হুথিদের সামরিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথি-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সৌদি জাহাজের জন্য কার্যত বন্ধ করে দেওয়া হবে।অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের জাহাজ ও সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের প্রায় ১২ শতাংশ সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এছাড়া সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এ নৌ অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।এদিকে একই সময়ে হরমুজ প্রণালিতেও উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার ভোরে একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।বিশ্লেষকদের আশঙ্কা, লোহিত সাগর ও হরমুজ—দুই কৌশলগত জলপথে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও নতুন চাপে পড়তে পারে।

সৌদির বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা হুথিদের