ঢাকার কণ্ঠ

স্টুডিও হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন সালমান মুক্তাদির

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি দাবি করেছেন, ঘটনার রাতেই ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেছিলেন তিনি। তবে দীর্ঘ সময় থানায় অবস্থান করেও তখন মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সালমান। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হামলার ঘটনায় মামলা করা হয়নি বলে যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেন তার মামলা নেওয়া হয়নি সেটির জবাবও দেওয়া প্রয়োজন।সালমানের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং ভোর ৪টা পর্যন্ত সেখানে ছিলেন। এরপরও দুপুর পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসে। এর আগে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছেন, সেটি ‘ঢালাও অভিযোগ’। তিনি জানান, পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে হামলার পেছনে চাঁদাবাজির বদলে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে মামলা হলে পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সালমান বলেন, তিনি কারও কাছ থেকে আর্থিক সহায়তা চান না। নিজের স্টুডিও পুনরায় তৈরি করার সক্ষমতা তার আছে বলেও জানান। তবে তার মূল দাবি, সরকার যেন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং হামলার ঘটনায় কার্যকর ব্যবস্থা নেয়। এদিকে শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক বক্তব্যে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। তবে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।

স্টুডিও হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন সালমান মুক্তাদির