রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকার সড়কে চলন্ত একটি রিকশা থেকে এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন পুলিশ। শনিবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা ২টার দিকে গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঘটে এ ঘটনা।ঘটনাটি চোখে পড়ে ডিউটিরত শাহবাগ ট্রাফিক পুলিশের সার্জেন্ট রানা পালের। চোখের সামনে ছিনতাই দেখে এক মুহূর্তও দেরি করেননি তিনি। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধাওয়া শুরু করেন। পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি।ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, আটক ব্যক্তির নাম মনির হোসেন (৩৬)। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চেইনটি ভুক্তভোগী ওই নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছিনতাই হওয়া অলংকার ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মনির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।