বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা ঊর্ধ্বমুখী। দুর্বল মার্কিন ডলারের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৪ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে দাম ১৫ মের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেই স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ ডলারের কাছাকাছি অবস্থান করে। বাজারে স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে অন্যতম কারণ হিসেবে দুর্বল মার্কিন ডলারকে দেখা হচ্ছে। ডলারের দর কমলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচকের দিকে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের জ্যাকসন হোল সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্য থেকেও সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা নিতে চাইছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহের বড় উত্থানের পর স্বর্ণের বাজারে ইতিবাচক গতি আরও শক্তিশালী হয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার দুর্বল থাকা এবং বন্ডের ফলন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও বাড়ার সুযোগ তৈরি হতে পারে। অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রায় ৬৮ দশমিক ৯৮ ডলার, প্লাটিনাম ১ হাজার ৮৭৮ ডলারের ওপরে এবং প্যালাডিয়াম প্রায় ১ হাজার ৩৫০ ডলারে ছিল।