দেশের প্রতিটি ইউনিয়নে একটি এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব পেশ করেন।অর্থমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।তিনি বলেন, এই ইউনিটগুলো হবে জনগণের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিটের অধীনে থাকবে তিনটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র (কমিউনিটি ক্লিনিক), যেখান থেকে প্রশিক্ষিত কমিউনিটি হেলথ ওয়ার্কাররা নিয়মিত রোগ প্রতিরোধমূলক পরামর্শ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা, এবং প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন।সুত্রঃ বাসস