ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।গ্রেপ্তার সাদ্দাম হোসেন (৩২) কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তিনি কেরানীগঞ্জ মডেল থানার গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আনোয়ার হোসেন এবং মা মৃত হামিদা বেগম।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) অভিযান পরিচালনা করে। ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে অংশ নেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার উল্লেখ রয়েছে। মামলাটি ২০২৬ সালের ১০ জুন দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় করা ওই মামলায় গ্রেপ্তার সাদ্দামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।