২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ বছর হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ‘সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।ধর্মমন্ত্রী বলেন, বেসরকারি হজ এজেন্সিগুলো চাইলে অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এ উল্লেখিত সেবা ও সুযোগ-সুবিধার চেয়ে কম সুবিধা দিয়ে কোনো প্যাকেজ চালু করা যাবে না।তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে হজযাত্রীদের সার্বিক ব্যয় কমবে এবং আরও বেশি মানুষ তুলনামূলক কম খরচে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।সরকারের আশা, বিমানভাড়া হ্রাস এবং তুলনামূলক সাশ্রয়ী প্যাকেজ ঘোষণার ফলে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও সহজ ও ব্যয়-সাশ্রয়ী হবে।