ঢাকার কণ্ঠ

বিশ্বকাপ ঘিরে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি, শব্দদূষণ ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টে এ রিট আবেদন করেন।রিটকারী আইনজীবী জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাতভর উচ্চ শব্দে আতশবাজি ও লাউডস্পিকারে উদযাপনের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বাড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই জনস্বার্থে রিটটি করা হয়েছে।রিট আবেদনের সঙ্গে ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের বিরোধ, সংঘর্ষ ও সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।এদিকে সর্বশেষ কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হন। এর ফলে বিশ্বকাপ-সম্পর্কিত সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেখানে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হবে, সেখানে গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলাধুলা বিনোদনের অংশ। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে না পারার কারণেই অনেক সময় তুচ্ছ বিষয় বড় ধরনের সংঘাতে রূপ নেয়। তিনি খেলাকে ঘিরে সহনশীলতা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বকাপ ঘিরে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট