ঢাকার কণ্ঠ

হামের প্রকোপ থামছেই না, একদিনে প্রাণ গেল আরও ৩ শিশুর

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২২৮ শিশুর শরীরে। রোববার (২৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে মারা গেছে তিনজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৪ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৪ জনে। একই সময়ে সন্দেহজনক বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জন। হামের কারণে হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮২৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন। এর আগে স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল, দেশে হামের প্রাদুর্ভাব আরও কয়েক মাস থাকতে পারে। ফলে শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও চিকিৎসাসেবার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলমান পরিস্থিতিতে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি হাসপাতালেও রোগীর চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

হামের প্রকোপ থামছেই না, একদিনে প্রাণ গেল আরও ৩ শিশুর