দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে এ ধরনের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ শিশুর। এ সময়ে ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৫৪৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে।একই সময়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।