ঢাকার কণ্ঠ

চাপে পড়ে কি দুঃখ প্রকাশ? ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাতের নতুন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্য ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে সেখানকার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি দুঃখিত।নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো পরিস্থিতির কথা বলেছিলেন। এর জবাব দিতে গিয়ে তিনি বিষয়টি সংসদে তুলে ধরেন। তবে তার বক্তব্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কনসার্ট বন্ধের ঘটনা নিয়েও নিজের বক্তব্য পরিষ্কার করেন হাসনাত। তার দাবি, মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় গভীর রাতে উচ্চ শব্দে সমস্যা হচ্ছিল। শিক্ষার্থীরা শুধু শব্দ কমানোর অনুরোধ করেছিলেন। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে পরিস্থিতির অবনতি হয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ এমন ধারণা সঠিক নয়। একই সঙ্গে নৌকাবাইচের স্থান উল্লেখ করতে গিয়ে তার তথ্যগত ভুল হয়েছিল বলেও স্বীকার করেন। সিলেটের পরিবর্তে ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার নাম বলেছিলেন তিনি। এই ভুলের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি বিব্রত এবং দুঃখিত।হাসনাত বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় সীমিত থাকায় মূল ঘটনা এবং গণমাধ্যমে সেটির উপস্থাপনের পার্থক্য বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পাননি। তবে জুলাইয়ের আদর্শকে ধারণ করে তিনি এমন একটি সর্বজনীন বাংলাদেশের কথা বলেন, যেখানে ধর্ম-বর্ণ ও মতের পার্থক্য থাকা সত্ত্বেও সবার অধিকার নিশ্চিত থাকবে। তার বক্তব্যের পর ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ ও বিক্ষোভের খবরও আসে। শুক্রবার রাতে কওমি ছাত্র ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ করা হয় এবং হাসনাতের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। পরে তার দুঃখ প্রকাশের বিষয়টি সামনে আসে। 

চাপে পড়ে কি দুঃখ প্রকাশ? ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাতের নতুন বক্তব্য