রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নীলফামারী-৩ আসনের(সংরক্ষিত) সাবেক এমপি আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন হোসাইন।রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার আসামির সর্বোচ্চ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম এই রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রাতে মিরপুর সাড়ে ১১ এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুন মিরপুর ১ এর এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ- ছাত্রলীগের ৪০/৫০ জন সরকার বিরোধী মিছিল করে। এসময় পুলিশের টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায় আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে।রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেন,বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওই ঘটনার সাথে আসামি আশিকা সুলতানা জড়িত আছে। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করেন। সুতরাং মিছিলের মূল রহস্য উদঘাটন, পলাতকদের গ্রেপ্তার ও আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলের নেতৃত্বদানকারীদের রহস্য উদঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা।