ঢাকার কণ্ঠ

৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩২ বছর বয়সী সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক ওসমান গণি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন।এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকার একটি বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির মায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে তার মা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরে শিশুটির মা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা জানায়। শিশুটির বক্তব্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় মামলা করেন তার মা।মামলার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার