ঢাকার কণ্ঠ

‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করলেন ইলন মাস্ক

থ্রাস্টার প্রযুক্তি ব্যবহার করে বাতাসে অল্প সময়ের জন্য উঠতে সক্ষম নতুন প্রজন্মের বৈদ্যুতিক স্পোর্টস কার ‘রোডস্টার’ প্রদর্শন করেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শন করা হয়। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের দাবি, গাড়িটির মাধ্যমে ‘উড়ন্ত গাড়ি’র ধারণা বাস্তবের আরও কাছাকাছি এসেছে।প্রদর্শনীতে গাড়িটি একটি বাঁকানো র‍্যাম্প বেয়ে উঠে উল্টো অবস্থায় চলার পর বাতাসে ঘুরে আবার চাকার ওপর অবতরণ করে। গাড়িটিতে স্পেসএক্সের প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি থ্রাস্টার এবং বিশেষ সাকশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। থ্রাস্টার থেকে উচ্চচাপে গ্যাস বের করে বিপরীতমুখী বল তৈরি করা হয়, যা গাড়িটিকে অল্প সময়ের জন্য ওপরে উঠতে সহায়তা করে।টেসলার দাবি, নতুন রোডস্টার শূন্য থেকে ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারে। তবে এ গতির দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। প্রদর্শনীতে দেখানো গাড়িটির কৌশলগুলোও এখনই সাধারণ সড়কে ব্যবহারের উপযোগী বলে বিবেচিত হচ্ছে না।ইলন মাস্ক জানান, গাড়িটির উৎপাদন ২০২৮ সালে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় এক দশক আগে নতুন প্রজন্মের রোডস্টারের ধারণা প্রকাশ করা হলেও বিভিন্ন কারণে এর উৎপাদন বারবার পিছিয়েছে। এবারের প্রদর্শনীতে টেসলা ও স্পেসএক্সের প্রকৌশলীদের যৌথ কাজের বিষয়টি তুলে ধরা হয়।তবে ‘উড়ন্ত গাড়ি’ হিসেবে আলোচনায় এলেও এটি এখনো প্রচলিত অর্থে দীর্ঘ সময় আকাশে উড়তে সক্ষম যান নয়। প্রদর্শনীতে অল্প সময়ের জন্য বাতাসে ওঠার কৌশল দেখানো হয়েছে। গাড়িটির বিশেষ ‘রকেট’ সংস্করণ সাধারণ সড়কে ব্যবহারের জন্য অনুমোদিত নয় বলে টেসলার তথ্যেও উল্লেখ রয়েছে। বাণিজ্যিক উৎপাদন, নিরাপত্তা ও নিয়ন্ত্রক অনুমোদনের বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 

‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করলেন ইলন মাস্ক