ঢাকায় চালু হলো ‘হ্যালো ডিসি’ সেবা
সেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমানো, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জেলা প্রশাসনের বিভিন্ন সেবা আরও সহজলভ্য করতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে নতুন ডিজিটাল সেবা ‘হ্যালো ডিসি’। এই সেবার মাধ্যমে নাগরিকরা জেলা প্রশাসনের বিভিন্ন ধরনের সেবা, অভিযোগ ও পরামর্শ একটি প্ল্যাটফর্ম থেকেই জানাতে পারবেন। একই সঙ্গে নিজের অভিযোগ বা আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করার সুযোগও পাবেন।মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের উপস্থিতিতে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, সাধারণ মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে এসে প্রায়ই নানা ধরনের ভোগান্তির শিকার হন। তথ্যের অভাব, বিভিন্ন দপ্তরে বারবার ঘুরতে হওয়া এবং সেবা গ্রহণের দীর্ঘ প্রক্রিয়া অনেকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এসব সমস্যা দূর করতেই ‘হ্যালো ডিসি’ চালু করা হয়েছে।তিনি বলেন, এই ডিজিটাল সেবার মাধ্যমে জনগণ ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন, অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। এতে সময়, অর্থ ও শ্রম—সবকিছুরই সাশ্রয় হবে।বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘হ্যালো ডিসি’ এমন একটি উদ্যোগ, যা প্রশাসন ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। জনগণের অভিযোগ দ্রুত গ্রহণ, যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং তার অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ থাকায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হবে।অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার সরকার করেছে, ‘হ্যালো ডিসি’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাদের অভিযোগ, আবেদন কিংবা যেকোনো সমস্যার কথা সরাসরি জেলা প্রশাসনকে জানাতে পারবেন। শুধু অভিযোগ জমা দেওয়াই নয়, অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে, সেটি নিষ্পত্তির জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কখন সমাধান হবে—এসব তথ্যও আবেদনকারী নিজেই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন।জেলা প্রশাসক জানান, অভিযোগ নিষ্পত্তিতে অযথা বিলম্ব যাতে না হয়, সেজন্য প্রতিটি অভিযোগ নির্দিষ্ট কর্মকর্তার কাছে দ্রুত পাঠানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। এতে নাগরিকদের জেলা প্রশাসকের কার্যালয়ে বারবার আসার প্রয়োজনও অনেকাংশে কমে যাবে।তিনি আরও বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপের আওতায় জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমি-সংক্রান্ত সেবা, আইনশৃঙ্খলা বিষয়ক অভিযোগ, শিক্ষা-সংক্রান্ত বিষয়, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, ম্যাজিস্ট্রেসি-সংক্রান্ত বিষয়সহ জেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন নাগরিকসেবা। ধীরে ধীরে আরও নতুন সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।ফরিদা খানম বলেন, “হ্যালো ডিসির মূল উদ্দেশ্য একটাই—সেবাকে মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা। প্রযুক্তির মাধ্যমে জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমরা কাজ করছি।”