ফ্যাসিবাদের দুঃশাসন চেপে বসেছে, উচ্ছেদে মাঠে নেমেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ফ্যাসিবাদের দুঃশাসন চেপে বসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তা উচ্ছেদ করার জন্য আমরা মাঠে নেমেছি।তিনি বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুম ও সাইবার সিকিউরিটি আইন রদ, এসআরবি বিলুপ্তসহ তিস্তা পাড়ের মানুষের দুঃখ গুছানোর জন্য, বাংলাদেশের মানুষের আজাদির জন্য যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব, এই আজাদির লড়াই চলবে। সেখানে কি তারেক রহমান আছেন? না, অন্য কোনো ফ্যাসিবাদের দোসর আমাদের সামনে আছেন তা তোয়াক্কা করার প্রয়োজন নাই।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার সংসদে গুমের কালো আইন পাস করেছে। বিরোধীদলীয় এবং আমাদের যে ১১ দলীয় নেতৃবৃন্দ সংসদে কালো কাপড় বেঁধে কালো দিবস পালন করেছে, ওয়াকআউট করেছে। সরকার বলেছে, সংসদে আলোচনা হইলে তাহলে লংমার্চ কেন? যদি আপনি সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতেন, তাহলে গুমের সমাধান যদি সংসদে করতে পারতেন, তাহলে আমাদের লংমার্চে যেতে হতো না। সরকার আমাদেরকে বাধ্য করেছে লংমার্চে যেতে। সরকার আমাদেরকে বাধ্য করেছে রাজপথে নামতে। ফ্যাসিবাদের দুঃশাসন চেপে বসেছে, তা উচ্ছেদ করার জন্য আমরা মাঠে নেমেছি।তিনি বলেন, আজাদির মিছিল আজকে রংপুরের উদ্দেশ্যে শুরু হয়েছে। আজাদির মিছিল সিলেটে যাবে। আজাদির মিছিল বাংলাদেশের প্রতিটি ঘরে যাবে। লক্ষ-কোটি জনতা আবার রাজপথে বেরিয়ে এসে নতুন করে আবার বলবে শেখ হাসিনা, তুমি বিদায় হয়েছো, তোমার পথ তারেক রহমান বয়েছে। এরপর স্লোগান ধরে বলেন, তারেক তুমি কবে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে।গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চ করছে ১১ দলীয় জোট।