শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। তাঁর একান্ত সচিব মো. শাহরিয়ার রহমানও জানিয়েছেন, চেয়ারম্যান বর্তমানে বিশ্রামে আছেন।অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রায় দুই বছর পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, চেয়ারম্যানের পদে কাজের চাপ অনেক বেশি। বয়স বাড়ার পাশাপাশি ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেওয়ায় এই চাপ সামলাতে তাঁর শারীরিক অস্বস্তি হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় ফিরতে চান বলেও জানিয়েছেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।দায়িত্ব পালনকালে বিসিএসের দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরে একটি বিসিএস শেষ করার উদ্যোগ নেওয়া হয়। ৫০তম বিসিএসের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন মোবাশ্বের মোনেম। পদত্যাগের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও অধ্যাপক মোবাশ্বের মোনেম নিজে শারীরিক অসুস্থতা ও শিক্ষকতায় ফেরার ইচ্ছাকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।