বর্তমান রানার্সআপ ফ্রান্স দুর্দান্ত পারফরম্যান্সে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোল ও উসমান দেম্বেলের দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।এই জয়ের মধ্য দিয়ে বিদায়ী টুর্নামেন্টে কোচ দিদিয়ের দেশমের অধীনে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠল ফ্রান্স।প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন এমবাপ্পে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু তার দুর্বল শট ঠেকিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের জট খোলেন ফরাসি অধিনায়ক। চলতি বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম গোল।এই গোলের মাধ্যমে ৩০ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোল করার অনন্য রেকর্ড গড়েন এমবাপ্পে। ফুটবল ইতিহাসে এ বয়সে এমন কীর্তি আর কারও নেই। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও লিওনেল মেসির সমতায় পৌঁছান তিনি।ম্যাচের দ্বিতীয় গোলেও অবদান রাখেন এমবাপ্পে। তার বাড়ানো বল থেকে গোল করেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, যা ফ্রান্সের জয় নিশ্চিত করে।ম্যাচের ৭৬ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করলে কোনো ঝুঁকি না নিয়ে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেন কোচ দেশম। অন্যদিকে ইনজুরির কারণে মরক্কোর গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারির অনুপস্থিতি দলটির আক্রমণভাগকে দুর্বল করে দেয়।এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। এবারও একই প্রতিপক্ষকে বিদায় জানিয়ে শেষ চারে উঠল তারা। আগামী মঙ্গলবার (দিবাগত রাত ১টা) সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ফ্রান্স।