রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা ৩ মিনিটে পাওয়ার স্টার্ট-আপের মাধ্যমে চুল্লির (রিঅ্যাক্টর) ভেতরে চাপ ও তাপমাত্রা বাড়িয়ে এ প্রক্রিয়া শুরু হয়।নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘বি’ স্টেজের কাজ সফলভাবে শেষ হওয়ার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিয়ে আজ দুপুর ১২টা ৩ মিনিটে এ ধাপের কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে চুল্লিতে ধারাবাহিকভাবে পরীক্ষা-নিরীক্ষা ও চাপ বাড়ানোর কাজ চলছে।কর্তৃপক্ষ জানায়, ‘সি’ স্টেজে পৌঁছানোর পর রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। এর মাধ্যমে বাষ্প উৎপন্ন করে টারবাইন চালানো এবং বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।তবে এর অর্থ এই নয় যে, আজই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিভিন্ন ধাপে সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে পদ্মার তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।