রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। পরে সেখান থেকে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলির সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে বেশকিছু লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ আলামত হিসেবে জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়াও বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।