দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে ১ হাজার ২৩২ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৪৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০ জন। এ সময় পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১১৭ জন এবং চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, সংক্রমণের পাশাপাশি শিশু মৃত্যুর চাপও অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের আওতা আরও কার্যকরভাবে নিশ্চিত করা এবং বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন।