ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ডিবির অভিযান, আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকার দোহার ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর দুটি দল দোহার ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দোহার থানার মাহমুদপুর এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে মোশারফ হোসেন পত্তনদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দোহার উপজেলা শাখার মাহমুদপুর ইউনিয়নের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আসিফ আহমেদ (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি তারানগর ইউনিয়ন ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ১০ জুন ২০২৬। ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধিত ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর দুই আসামিকেই সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে ডিবির অভিযান, আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার